হোম > সারা দেশ > ঢাকা

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আশফাক আজিজ রুবেল কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে আশফাক আজিজ রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ আত্মসমর্পণ করার পর বিচারক মো. আব্দুস সালাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রুবেল আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় গত ১৩ অক্টোবর আদালত রুবেলসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক, মো. রেজাউল করিম তরফদার, পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেল। একই সঙ্গে প্রত্যেক আসামিকে জরিমানাও করা হয়।

মামলার রায়ে আসামি শওকত আজিজ ও আশফাক আজিজকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। তাঁদের উভয় ধারায় সাত বছর করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া আসামি শওকত আজিজ ও আশফাক আজিজের নামে বরাদ্দ করা সেক্টর-০১, রোড-৪০৫, প্লট নম্বর-০১১ ও ০১৩—এই দুটি প্লটের বরাদ্দ বাতিল করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত।

অপর দিকে, রাজউকের সাবেক ছয় কর্মকর্তাকে দুটি ধারায় সাত বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রভাব খাটিয়ে পূর্বাচলে ২০ কাঠা প্লট বরাদ্দ দেওয়া ও নেওয়ার অভিযোগে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি মামলা করে দুদক। দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে পূর্বাচলে ১০ কাঠা করে ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ দেন, যাতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, ১ নভেম্বর আশফাক আজিজ রুবেলের ভাই শওকত আজিজ রাসেল আত্মসমর্পণ করার পর তাঁকে কারাগারে নেওয়া হয়। পরে হাইকোর্টে আপিল করার পর তাঁকে জামিন দেওয়া হয়।