ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরায় ফের সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে তাঁদের এই আন্দোলনে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।
এর আগে বুধবারও একই দাবিতে উত্তরার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে রাজলক্ষ্মী ও আজমপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে নামেন। পরে তাঁদের অবরোধ বিমানবন্দর সড়কেও ছড়িয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা। অনেককে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
শ্রমিকনেতা আবদুল বারেক আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের এই আন্দোলন জীবন-জীবিকার ন্যায্য দাবির আন্দোলন। বাজারদর ও মূল্যস্ফীতির কারণে অল্প বেতনে শ্রমিকদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার যে দাবি জানানো হচ্ছে, সেই টাকাতেও জীবন চলে না।’
শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া ও অন্যান্য খরচের সঙ্গে তাঁদের বর্তমান মজুরির কোনো সংগতি নেই। সংসারের খরচ মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এ পরিস্থিতিতে মজুরি বৃদ্ধি ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন।
শ্রমিকেরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।