চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
আজ মঙ্গলবার ভোরে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবির রমনা বিভাগের একটি দল।
ডিবি রমনা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ বলেন, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের ঘটনায় করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলা যাচাই-বাছাই করা হচ্ছে।
ডিবি সূত্র জানায়, কে এস এম মোস্তাফিজুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার বাসিন্দা। তিনি ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার পাশাপাশি দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত তিনি।
ডিবির তথ্য অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের সময়কার ঘটনায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধভাবে পাঠানো অর্থ গ্রহণের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
তবে এসব অভিযোগের বিষয়ে কে এস এম মোস্তাফিজুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।