আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে থাকা সত্ত্বেও দেশে মধ্যরাতে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
রোববার ২১ (সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী। এর মধ্যে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি বেড়েছে। জ্বালানি সংকটে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে বেকারত্বও বাড়ছে। এমন পরিস্থিতিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার সাত মাসের মধ্যে দুই দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।
সংগঠনটির দাবি, জ্বালানি তেলের দাম বাড়ায় যাতায়াত ও যোগাযোগ ব্যয়, পণ্য ও যাত্রী পরিবহনের ভাড়া এবং শিল্প উৎপাদন খরচ বাড়বে। এতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হবে।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশের এই সংকটময় সময়ে সরকারের উচিত জনগণের পাশে দাঁড়ানো। প্রয়োজনে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে অর্থনীতির গতি সচল রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সরকারের দায়িত্ব।
তিনি দ্রুত জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহার করে আগের দাম বহাল রাখার দাবি জানান।