হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানে ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন—এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪)।

সোমবার (২৪ আগস্ট) দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে আটক করে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

পরে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুল ইসলামকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এরপর গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

দক্ষিণখান থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখানসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, এএসআই মো. শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর গ্রেপ্তারের বিষয়টি তাঁরাও শুনেছেন।