রাজধানীর ভাটারায় নতুন বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় সুমন (২২) নামের এক যুবক নিহত ও রবিউল ইসলাম (২০) নামের তাঁর বন্ধু আহত হয়েছেন। তাঁরা দুজন মোটরসাইকেল আরোহী ছিলেন।
আজ মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত ১০টার দিকে সুমনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে সুমনের আরও এক বন্ধু রাকিব হোসেন জানান, সুমনের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। বাবার নাম নুরনবী। সুমন স্যানিটারি মিস্ত্রি ছিলেন। আহত রবিউল কাপড়ের ব্যবসা করেন। বর্তমানে তাঁরা দুজনই গুলশান শাহজাদপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
রাকিব আরও জানান, মোটরসাইকেলটি সুমনের। সুমন নিজেই চালাচ্ছিলেন। আহত রবিউল পেছনে বসা ছিলেন। নতুন বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পড়ে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সুমনকে মৃত ঘোষণা করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আহত রবিউলকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।