রাজধানীর নিউমার্কেট এলাকায় রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করে ফুল ও সৌন্দর্যবর্ধনকারী বিভিন্ন গাছের টব স্থাপন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ শনিবার বিকেল ৩টায় শুরু হওয়া উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সরেজমিনে দেখা যায়, অভিযানে নীলক্ষেত মোড়সংলগ্ন নিউমার্কেটের ১ নম্বর গেট থেকে চন্দ্রিমা সুপার মার্কেটসংলগ্ন ৪ নম্বর গেট পর্যন্ত রাস্তা ও ফুটপাত এবং প্রিয়াঙ্গন সুপার মার্কেট থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়ক দখলমুক্ত করা হয়। পরে সেখানে ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছের টব স্থাপন করা হয়।
অভিযান চলাকালে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা না করতে সংশ্লিষ্টদের বারবার অনুরোধ করা হচ্ছে। এরপরও কেউ দখল করলে মালামাল জব্দসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ক্ষেত্রে স্থানীয় নেতৃবৃন্দকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রশাসক বলেন, নিউমার্কেট গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। প্রতিদিন দূরদূরান্ত থেকে হাজারো মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। তাই পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো অবস্থাতেই জনগণের চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না।
হকার নীতিমালায় সার্ভিস চার্জ কমানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, হকারদের পক্ষ থেকে এ সংক্রান্ত যে দাবি জানানো হয়েছে, তা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পর সে অনুযায়ী তালিকা প্রণয়ন করা হবে। তালিকার বাইরে কাউকে কোথাও বসার সুযোগ দেওয়া হবে না।