রাজধানীর হাজারীবাগের বটতলা মাজার এলাকার একটি বাসায় বিস্ফোরণে পারভিন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর মেয়ে ফাতেমা আক্তার উর্মি (২১) ও খালাতো বোন ফরিদা বেগম (৫০) আহত হয়েছেন।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে পারভিন বেগম ঘটনাস্থলেই নিহত হন। আহত ফরিদা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং উর্মিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ফাতেমা আক্তার উর্মি জানান, তাঁরা হাজারীবাগ বটতলার একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় থাকেন। ঘটনার সময় তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে বাইরে এসে দেখেন, বাসার দেয়ালের একাংশ ও জানালার কাচ ভেঙে গেছে।
উর্মি আরও জানান, ঘরের মধ্যে কেউ একজন ব্লেন্ডার মেশিন চালু করেছিলেন। এর পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, হাজারীবাগে বিস্ফোরণে ফরিদা বেগম নামে এক নারী গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। তাঁকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। কপালে আঘাত উর্মির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।