গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর শয্যা থেকে চুরি হওয়া ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় মো. মস্তু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।
আজ শনিবার দুপুর ২টার দিকে হাসপাতালের অষ্টম তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি রোগী মো. মোশাররফ হোসেনের শয্যা থেকে মোবাইল ফোনটি চুরি হয়। পরে তিনি হাসপাতালের তৃতীয় তলায় দায়িত্ব পালনরত আনসার সদস্য পিসি মো. গোলাম মোস্তফার কাছে অভিযোগ করেন।
অভিযোগ পেয়ে গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করেন। পরে হাসপাতালের বিভিন্ন স্থানের ফুটেজ যাচাই করে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে হাসপাতালের মর্গ এলাকায় মো. মস্তু মিয়াকে আটক করা হয়। তাঁর দেহ তল্লাশি করে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা মোবাইল ফোনটি মালিক মো. মোশাররফ হোসেনের কাছে ফিরিয়ে দেওয়া হয়। আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভুক্তভোগী মোশাররফ হোসেন গাজীপুরের কাশিমপুর থানার কোনাবাড়ী এলাকার আমবাগ গ্রামের বাসিন্দা।