হোম > সারা দেশ > ঢাকা

ভোর থেকে রাজধানীতে ভারী বৃষ্টি, জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির রেসপন্স টিম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম। ছবি: আজকের পত্রিকা

ভোর থেকে মুষলধারে বজ্রসহ ভারী বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন কয়েকটি নিম্নাঞ্চল ও ঢালু সড়কে জলাবদ্ধতা নিরসনে ভোর থেকেই কাজ করছে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম।

ডিএসসিসি জানিয়েছে, কর্মীরা সরেজমিনে ড্রেনেজ লাইনের প্রতিবন্ধকতা দূর করা এবং পানি নিষ্কাশনের কাজ করছেন। দ্রুত পানি অপসারণ করে যান চলাচল ও পথচারীদের চলাচল স্বাভাবিক করতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

সকাল থেকেই পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করছেন ডিএসসিসির প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে জলমগ্ন সড়কে নগরবাসীকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে ডিএসসিসি। বিশেষ করে উন্মুক্ত বা ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার এবং ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। পাশাপাশি জলমগ্ন সড়কে ম্যানহোল বা খোলা ড্রেনের গর্ত থাকতে পারে বলে পথচারী ও চালকদের সতর্ক করা হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সবার সহযোগিতা চেয়েছে ডিএসসিসি।

জলাবদ্ধতা বা জরুরি প্রয়োজনে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষে ০১৭০৯-৯০০৮৮৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।