১৫ আগস্ট ঘিরে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী ও দুষ্কৃতকারীদের নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
আগামী শনিবার ১৫ আগস্ট উপলক্ষে বৃহস্পতিবার র্যাবের পক্ষ থেকে দেওয়া এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট ঘিরে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন কিংবা দুষ্কৃতকারী যাতে নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য তাদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আগাম তথ্য সংগ্রহে এলাকাভিত্তিক সোর্স ও ইনফর্মারদের কার্যক্রমও জোরদার করা হয়েছে।
অনুষ্ঠানস্থলে যাতায়াতের পথগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
র্যাব জানিয়েছে, রাজনৈতিক কর্মসূচির অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সদস্য মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মী, দুষ্কৃতকারী বা উগ্রবাদী গোষ্ঠীর কেউ যাতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
সন্দেহভাজন ব্যক্তি কিংবা নিষিদ্ধ সংগঠনের মাধ্যমে নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১৫ আগস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতেও সাইবার পেট্রলিং জোরদার করেছে র্যাব। বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোডের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
কোনো স্থানে বিস্ফোরক বা বিস্ফোরক সদৃশ বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।
র্যাব জানিয়েছে, নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালনের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এসএসএফ, স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
১৫ আগস্ট উপলক্ষে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে র্যাব। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব বদ্ধপরিকর বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।