হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ বন্দীর ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) দুই বন্দীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন স্বপন দাস (৫৯) ও পরশ তালুকদার (৩৫)।

আজ শনিবার বিকেল ৫টার দিকে পরশ তালুকদারকে কারারক্ষীরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন দাস।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল রোববার তাঁদের ময়নাতদন্ত হবে।

কারা সূত্রে জানা যায়, আজ বিকেলে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরশ তালুকদার। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি পল্টন থানার একটি মামলায় বন্দী ছিলেন। তাঁর বাবার নাম মো. লিয়াকত তালুকদার।

অন্যদিকে স্বপন দাসের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর গ্রামে। তাঁর বাবার নাম সুধীর দাস। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যার দিকে তাঁর মৃত্যু হয়। স্বপন দাস ফতুল্লা থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন।