হোম > সারা দেশ > ঢাকা

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

রাজধানীর উত্তরখানের আশকোনায় আবাসন প্রতিষ্ঠান আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ২৫-৩০ জনের একটি দল এ হামলা চালায়। এতে প্রতিষ্ঠানের ৩-৪জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা আশিয়ান সিটির কার্যালয়ে ঢুকে ভাঙচুর করেন। এ সময় ২-৩টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। কর্মকর্তা-কর্মচারীদের মারধরও করা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আশিয়ান সিটির প্রটোকল পরিচালক জহিরুল ইসলাম অভিযোগ করেন, তাঁদের প্রকল্পের পাশের একটি ভবনের মালিক ভাড়াটে লোকজন দিয়ে এ হামলা করিয়েছেন। হামলার পর মামলা না করার জন্য বিদেশি একটি নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

জহিরুল ইসলাম আরও জানান, প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলায় অংশ নেওয়া বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের নাম উল্লেখ করে থানায় মামলার প্রস্তুতি চলছে।