ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির পরিচয় শনাক্ত এবং হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ যৌথভাবে কাজ করছে।
আজ শুক্রবার সকালে ঝিলমিল আবাসিক এলাকার একটি পরিত্যক্ত প্লটের জঙ্গলের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় দেখা যায়, নিহত নারীর শরীরের ওপরের অংশে সাদা-সবুজ রঙের একটি মেক্সি পরিহিত ছিল। তবে শরীরের নিচের অংশ উলঙ্গ অবস্থায় ছিল। মরদেহটি অর্ধগলিত হওয়ায় ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তাঁকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাঁচ থেকে ছয় দিন আগে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে মরদেহটি ফেলে গেছে। নিহতের বয়স আনুমানিক ৩০-৪০ বছর হতে পারে।
আবুল কালাম আজাদ আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত এবং এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পিবিআই, সিআইডি ও থানা-পুলিশের সমন্বয়ে তদন্ত কার্যক্রম চলছে।