রাজধানীর উত্তরার জসীমউদ্দীন সড়কে বাসের ধাক্কায় মশিউর রহমান হাসান (৪২) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি তানজিল পরিবহন বাসের চেকার ছিলেন।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় মশিউর রহমান হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক দুপুর দেড়টায় তাঁকে মৃত ঘোষণা করেন।
তানজিল পরিবহনের সুপারভাইজার আতর আলী জানান, জসীমউদ্দীন সড়কে তানজিল বাসের যাত্রী চেক করতেন হাসান। সকালে একটি বাস সিগনাল দিয়ে দাঁড় করাচ্ছিলেন তিনি। এ সময় ওই বাসই তাঁকে ধাক্কা দেয়। এতে হাসান মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। দ্রুত সহকর্মীরা উদ্ধার করে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
মৃত মশিউর রহমান হাসানের বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার বয়রা গ্রামে। তিনি মিরপুর-১ নম্বর সেকশনের ই ব্লকের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তাঁর দুই ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি উত্তরা পূর্ব থানা-পুলিশকে জানানো হয়েছে।