হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ, প্রাইভেট কারচালক গুরুতর আহত

ঢাবি প্রতিনিধি

ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পাশের শ্যাডো এলাকা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সময় গাড়িতে বসা ছিলেন চালক সোহেল (৩৬)। তাঁকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

গাড়িটি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষক তাসনীম নাভিলা ইসলামের বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে ককটেল ছোড়ে। এরপর কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় আরেকটি ককটেল ছুড়ে পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন দুটি ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছেছে।

বিস্ফোরণে কেউ আহত হয়েছেন কি না, জানতে চাইলে প্রক্টর জানান, এফবিএসের ডিন তাঁকে জানিয়েছেন, সেখানে একটি গাড়ির চালক আহত হয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রক্টর।