হোম > সারা দেশ > ঢাকা

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

দুপুরের পরপরই দীপকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁর বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। মামলার মূল রহস্য উদ্‌ঘাটন, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ এবং অন্যান্য আলামত শনাক্ত করার জন্য দীপকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই। তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।

গতকাল শুক্রবার দীপকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় যায় পিবিআই। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন কালো রঙের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখানে কথা বলার সময় কয়েকজন তাঁদের ধাওয়া করেন। দীপের ভাষ্য অনুযায়ী, ধাওয়াকারীদের দুজনের পরনে পুলিশের পোশাক ছিল। তাঁদের দেখে তাহসিফ দৌড় দেন। একপর্যায়ে তিনি নদীতে ঝাঁপ দেন বলে দাবি করেন দীপ। আর দীপ নিজে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ২৯ নম্বর সীমানা পিলারের আড়ালে লুকিয়ে পড়েন। পরে সেখান থেকে চলে যান তিনি।

পিবিআই তাঁর বক্তব্যের বিভিন্ন অসংগতি যাচাই করে এবং ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য-উপাত্ত নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে। পরে দীপকেও নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে তাহসিফের মৃত্যুর ঘটনায় আজ শনিবার সকালে তাঁর বাবা কে এম এনায়েতুল করিম রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এজাহারে তাহসিফকে তাঁর জুনিয়র বন্ধু দীপ বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে। পরে এ মামলায় দীপকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।

এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় তাহসিফ রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন। ওই দিন রাতে মাকে মুঠোফোনে বার্তা (ভয়েস মেসেজ) পাঠিয়ে জানিয়েছিলেন, বাসায় ফিরছেন; কিন্তু আর ফেরেননি। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশসহ আহত ১৫

নিউমার্কেটের ফুটপাত উচ্ছেদ করে শোভাবর্ধক গাছ লাগাল ডিএসসিসি

​জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডিএনসিসি প্রশাসক

ড্যাপের সংশোধনী পুনর্বিবেচনা ও কারিগরি কমিটি বাতিলের দাবি বিআইপির

রাজধানীর মিরপুরে ফের সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, ভোগান্তিতে যাত্রীরা

বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন

তাহসিফ সাউরি হত্যা মামলা: বন্ধু দীপকে সাত দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বাবার হত্যা মামলা

দীপকে মধ্যরাতে নৌ পুলিশের কাছে হস্তান্তর, হবে অপমৃত্যুর মামলা

বাসার ফ্যানে ঝুলছিল ৮ বছরের শিশুর লাশ, পরিবারের দাবি আত্মহত্যা