রাজধানীর জুরাইন এলাকায় সড়ক দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানার একটি টিম। অভিযানের সময় হকারদের একাংশ ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কাদেরের নেতৃত্বে একটি দল জুরাইন রেলগেট-সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে থেকে অভিযান শুরু করে। পরে তারা জুরাইন রেলগেট-সংলগ্ন সেতু মার্কেটের সামনে পৌঁছে সড়ক দখল করে বসা হকারদের রাস্তা ছেড়ে চলে যেতে নির্দেশ দেয়।
এ সময় হকারদের একটি অংশ পুলিশের নির্দেশ অমান্য করে উত্তেজিত হয়ে পড়ে এবং পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। পরিস্থিতির একপর্যায়ে তাদের লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করে পুলিশ।
ঘটনার বিষয়ে এসআই কাদের বলেন, ‘সন্ধ্যায় টিমসহ আমরা বিক্রমপুর প্লাজার সামনে থেকে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করে জুরাইন রেলগেট-সংলগ্ন সেতু মার্কেটের সামনে পৌঁছাই। সেখানে রাস্তা থেকে হকারদের সরে যেতে বললে তারা আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আমাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করতে সক্ষম হয়েছি।’
এসআই জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
একই সঙ্গে জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।