হোম > সারা দেশ > ঢাকা

ইভ্যালি গ্রাহকের প্রতারণা মামলা থেকে তাহসান-মিথিলা-ফারিয়াকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের প্রতারণার মামলা থেকে তাহসান, মিথিলা, ফারিয়াসহ পাঁচজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। তবে এই মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও রাসেলের স্ত্রী শামীমা নাসরিনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক এই রায় দেন। 

অভিযোগ আমলে নেওয়া অন্য দুই আসামি হলেন ইভ্যালির ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন ওরফে আকাশ ও ক্যাটাগরি হেড মোহাম্মদ আবু তাহের ওরফে সাদ্দাম। আর অব্যাহতিপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা এস এম আরিফ রেজা হোসাইন ও এক্সিকিউটিভ অপারেশন আবু কায়েস। 

গত ২৭ ফেব্রুয়ারি ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে যে মামলা হয়েছে, তাতে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা, শবনম ফারিয়াসহ পাঁচজনের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁদের অব্যাহতির সুপারিশ করে পুলিশ। অন্যদিকে ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, তাঁর স্ত্রী শামীমা নাসরিনসহ চারজনের বিরুদ্ধে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়। 

এর আগে গত বছরের ২১ নভেম্বর আদালতে তাহসান, মিথিলা, শবনম ফারিয়াসহ ৯ জনের নামে মামলার আবেদন করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক। আদালত বাদীর জবানবন্দি নিয়ে রাজধানীর ধানমন্ডি থানাকে মামলার অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর গত বছরের ৪ ডিসেম্বর ধানমন্ডি থানা মামলার অভিযোগটি এফআইআর হিসেবে নেয়। 

সাদ স্যাম রহমান তাঁর অভিযোগে উল্লেখ করেন, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাঁদের উপস্থিতি এবং বিভিন্ন প্রমোশনাল কথায় আস্থা রেখে বিনিয়োগ করেন তিনি। এই তারকাদের কারণে তিনি প্রতারিত হয়েছেন। 

ইভ্যালিতে অভিনেতা তাহসান খান শুভেচ্ছাদূত হিসেবে ছিলেন। আর মিথিলা ছিলেন প্রতিষ্ঠানটির ‘ফেস অব ইভ্যালি লাইফস্টাইল’ হিসেবে। প্রধান জনসংযোগ কর্মকর্তা ছিলেন শবনম ফারিয়া। 

ডাকসু নেতাদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি ‘জুলাই ঐক্যের’

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের গণ-অবস্থান

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম: আরও ২ সদস্য গ্রেপ্তার

পুলিশের লুট হওয়া চারটি গ্রেনেড রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

সতর্কবার্তা জারি: আবার তৎপর হচ্ছে জঙ্গিরা, হামলার শঙ্কা পুলিশের

সংরক্ষিত আসনের নারী প্রার্থী: বিএনপির কোটিপতি ১৬ প্রার্থী

পরীক্ষার্থীরা বিপাকে: মোম-টর্চে আলো মিললেও ঘাম ছুটছে গরমে

‘গুপ্ত’ ইস্যু: ছোট শব্দে বড় রাজনীতি