কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা দক্ষিণের নেতা-কর্মীরা।
আজ রোববার সকাল ৬টার দিকে আব্দুল্লাহপুর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ মিছিল হয়। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতা এবং কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদের দিকনির্দেশনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা আব্দুল্লাহপুর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে প্রদক্ষিণ শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের পাশাপাশি পলাতক আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো. জামিলুল হক জানান, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি।