বিনা টিকিটে ট্রেনে ভ্রমণকারী সংঘবদ্ধ চক্রের হামলার প্রতিবাদে সারাদেশে মানববন্ধন করেছেন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১০ আগস্ট) দেশের বিভিন্ন রেল অফিস ও স্থাপনায় এ কর্মসূচি পালিত হয়।
রেলের কর্মকর্তাদের অভিযোগ, রাজশাহী থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেন এবং বিভিন্ন রুট থেকে রাজশাহীতে আসা ট্রেনগুলোতে একটি সংঘবদ্ধ চক্র নিয়মিত বিনা টিকিটে ভ্রমণ করে। তারা বিশেষ করে এসি কোচ ও করিডোরে অবস্থান নিয়ে বৈধ টিকিটধারী যাত্রীদের স্বাভাবিক যাত্রায় বিঘ্ন সৃষ্টি করে। টিকিট চাইলে ৮ থেকে ১০ জন একসঙ্গে জড়ো হয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং টিকিট পরীক্ষকদের হুমকি-ধামকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।
রেলওয়ের তথ্যমতে, গত ৪ জুলাই ৭৯২ নম্বর বনলতা এক্সপ্রেস এবং ২৫ জুলাই ৭২৬ নম্বর সুন্দরবন এক্সপ্রেসে টিকিট চেকিংকে কেন্দ্র করে রেল কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটে।
সর্বশেষ গত ৭ আগস্ট ৭৫৩ নম্বর সিল্কসিটি এক্সপ্রেস আব্দুলপুর স্টেশন ছেড়ে আসার পর ‘ও’ কোচে কয়েকজন বিনা টিকিটের যাত্রীকে শনাক্ত করা হয়। রেল কর্তৃপক্ষ জানায়, তাদের কাছ থেকে ন্যূনতম ভাড়া ও জরিমানা আদায় করে নন-এসি কোচে যাওয়ার অনুরোধ করা হলে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। পরে ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছালে ওই সংঘবদ্ধ চক্র রেল কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
রেল কর্মকর্তা-কর্মচারীরা বলেন, টিকিট চেকিং কার্যক্রম পরিচালনার সময় বারবার হামলা ও হুমকির ঘটনায় দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ছে। এতে অনেকের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং কর্মস্পৃহা কমে যাচ্ছে। একই সঙ্গে সরকারের রাজস্ব আদায়ও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
মানববন্ধনে বক্তারা সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলাকে ফৌজদারি অপরাধ উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ট্রেনে টিকিট চেকিং কার্যক্রম পরিচালনায় নিরাপত্তা জোরদারের আহ্বান জানান তাঁরা।