অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
বিডিনিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হলে বৃহস্পতিবার রাতে তাঁকে লন্ডনের ওই হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার স্থানীয় সময় বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত সফরে তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে ছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার মরদেহ কবে দেশে আনা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জানাজা ও দাফনের স্থান-সময় পরে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করা তৌফিক ইমরোজ খালিদী ডেইলি স্টার ও বিবিসিতে সাংবাদিকতা করেছেন। ২০০৬ সালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের দায়িত্ব নেন। এরপর থেকে প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারিয়েছে।