ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। তিনি নিজেকে কখনো চিকিৎসক, আবার কখনো নার্স পরিচয় দিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের কর্মীরা।
আজ রোববার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর কক্ষের অপারেশন থিয়েটারের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
জরুরি বিভাগের কয়েকজন জ্যেষ্ঠ স্টাফ নার্স জানান, দুপুরে রাকিব হোসেন (২৫) নামের ওই যুবক গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে অপারেশন থিয়েটারের সামনে এসে তাঁদের কাছে এক চিকিৎসকের খোঁজ জানতে চান। তাঁর আচরণে সন্দেহ হলে দায়িত্বরত নার্সরা পরিচয় জানতে চান। তখন তিনি নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক বলে পরিচয় দেন। তবে তাঁর পোশাক ও আচরণে সন্দেহ আরও বাড়লে এক রোগীর ব্যবস্থাপত্র পড়ে শোনাতে বলা হয়। তিনি সেটি পড়তে না পেরে নিজেকে নার্স বলে পরিচয় দেন। পরে তাঁর নার্সিং কলেজের নাম ও ঠিকানা জানতে চাওয়া হলেও তিনি তা বলতে পারেননি। এরপর তাঁকে দায়িত্বরত আনসার সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আনসার সদস্যরা ওই যুবককে আটক করার পর হাসপাতাল পরিচালক তাঁকে পুলিশ হেফাজতে নিতে বলেন। পরে আইনি পদক্ষেপের জন্য তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
মো. হাবিবুর রহমান আরও জানান, আটক যুবক নিজের নাম রাকিব হোসেন বলে জানিয়েছেন। তাঁর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। বাবার নাম ফারুক হোসেন। বর্তমানে তিনি ঢাকার সাভারে থাকেন। ওই যুবকের ভাই হাসপাতালে ভর্তি বলে জানা গেছে।