রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে হেরোইন, বিদেশি পিস্তল ও গুলিসহ মো. রনি ভূঁইয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
আজ মঙ্গলবার বিকেলে রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে গতকাল সোমবার বিকেলে ডেমরার মধ্য হাজিনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রনি ভূঁইয়া (৩২) নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার জাঙ্গালিয়া এলাকার হাসান ভূঁইয়ার ছেলে।
র্যাব জানায়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার মধ্য হাজিনগর এলাকার একটি বহুতল ভবনের ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
এ ছাড়া অভিযানে দুটি হ্যান্ডমাইক, একটি খেলনা পিস্তল, একটি ইলেকট্রিক ট্র্যাকার, দুটি ওয়াকিটকি ও একটি ওয়েট মেশিন উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১-এর বরাতে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান জানান, কয়েকজন কারবারি মাদক বিক্রির উদ্দেশে ওই ভবনের ষষ্ঠ তলায় অবস্থান করছেন-এমন খবর পেয়ে র্যাব অভিযান চালিয়ে রনিকে আটক করে।