হোম > সারা দেশ > ঢাকা

ভারতের ঋণে ১২টি জেলায় হবে হাই-টেক পার্ক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় ১৭ শত কোটি টাকার বেশি অর্থ ব্যয়ে বাংলাদেশের ১২টি জেলায় হাই-টেক পার্ক স্থাপন এবং দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে সহযোগিতা করবে ভারত। আজ সোমবার বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে ভারতীয় হাই-কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে এক মতবিনিময় সভা শেষে বিনিয়োগ ও সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে। 

সভায় আইসিটি প্রতিমন্ত্রী পলক ও ভারতীয় হাইকমিশনার দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও দৃঢ়করণ এবং আইসিটি সেক্টরসহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বর্তমানে দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের ১২টি জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার ঋণ প্রদান করছে। এর মধ্যে আটটি পার্ক স্থাপনের কাজ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে শুরু করা হবে। বাংলাদেশ-ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার (বিডিসেট) নামের আরেকটি প্রকল্পের আওতায় বাংলাদেশের ছয়টি সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাই-টেক পার্ক এবং শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে প্রশিক্ষণ প্রদানের জন্য বিশেষায়িত ল্যাব স্থাপন করা হবে। এখান থেকে আগামী দুই বছরে ২ হাজার ৪০০ জন প্রশিক্ষণ গ্রহণ করবে। ইন্টারনেট অব থিংস, মেশিন লার্নিং, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এক্সটেনডেড রিয়ালিটিসহ অন্যান্য উচ্চতর বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও ৩০ জনকে ছয় মাসের জন্য ভারতে আইসিটির ওপর উচ্চতর প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হবে।’ 

প্রতিমন্ত্রী জানান, ‘বাংলাদেশ-ভারত ডিজিটাল এডুট্রেইনমেন্ট সেন্টার স্থাপনের লক্ষ্যে আরেকটি প্রকল্প চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছে। প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় দেশের ৬৪টি স্থানে ডিজিটাল এডুট্রেইনমেন্ট সেন্টার স্থাপনের বিষয়ে উভয় দেশ এক সঙ্গে কাজ করবে যেখানে একই সঙ্গে শিক্ষা, প্রশিক্ষণ এবং বিনোদনের ব্যবস্থা থাকবে। এছাড়া স্টার্ট-আপ এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ও ভারতের ৫০টি করে স্টার্ট-আপ প্রতিষ্ঠান অভিজ্ঞতা বিনিময় করবে। বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো স্থাপন করা হচ্ছে বাংলাদেশ-ভারত আইটি এক্সিলারেটর (বিআইটিএ)। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে প্রতিটি জেলায় আইটি এক্সিলারেটরও স্থাপন করা হবে।’ 

বক্তব্যকালে ভারতীয় হাই-কমিশনার দোরাই স্বামী বলেন, ‘দুই দেশের পারস্পরিক সম্পর্ক এভাবে আরও অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় সঙ্গি হতে পেরে আমরা অনন্দিত ও গর্বিত অনুভব করছি। ডিজিটাল সেক্টরের এই সুবিধা আমরা দুই দেশের পর্যটক, চিকিৎসা ও সংস্কৃতির ক্ষেত্রেও অব্যাহত রাখতে চাই।’ 

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন জেলা পর্যায়ে আইটি/হাই-টেক পার্ক স্থাপন (১২টি জেলায়) প্রকল্পের আওতায় ৩০ হাজার তরুণ-তরুণীকে আইটি প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রকল্পের আওতায় নির্মিতব্য স্থাপনাসমূহের মধ্যে রয়েছে ১২টি জেলায় ৭ তলা (১ লাখ ৫ হাজার বর্গফুট) স্টিল স্ট্রাকচার মাল্টিটেনেন্ট ভবন নির্মাণ; ১২টি জেলায় ৩ তলা (২১ হাজার বর্গফুট) ক্যান্টিন ও স্টিল স্ট্রাকচার এমপি থিয়েটার ভবন; ৩টি জেলায় ৩ তলা (১৮ হাজার বর্গফুট) আর সিসি স্ট্রাকচার ডরমিটরি ভবন এবং ৬টি জেলায় আধুনিক সিনেপ্লেক্স নির্মাণ করা হবে। 

মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমারসহ আইসিটি বিভাগ ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তাগণ এবং ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এক দিন পেছাতে পারে একুশে বইমেলা

ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মীর মৃত্যুদণ্ড

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের আয়কর নথি জব্দ

রমজান মাসে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে

ডেমরায় গ্রেপ্তার হানি ট্র্যাপের ৬ সদস্য কারাগারে

‎কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন

সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, সাধারণ সম্পাদক সাইফুল

নির্বাচনে দুই উপদেষ্টাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক করা হয়েছিল: টিআইবি

ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার তিন যুবক কারাগারে

নবনির্বাচিত এমপি ও মন্ত্রীদের শপথ ঘিরে সংসদ এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা