রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিপরীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় রেজাউল ইসলাম (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২৬ মিনিটের দিকে ধানমন্ডি ১১/এ সড়কের একটি বাসার সামনে পাকা রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর গলির ভেতর দিয়ে পালানোর সময় ধানমন্ডি মডেল থানা-পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল জানিয়েছে, প্রায় ১০ থেকে ১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাত এক ব্যক্তি তাঁকে আইসিটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেন। এ কাজের বিনিময়ে তাঁকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়।
পুলিশ জানায়, ওই পরিকল্পনা অনুযায়ী রেজাউল গত ২৮ সেপ্টেম্বর ঘটনাস্থল রেকি করে। পরে ৩০ সেপ্টেম্বর মধ্যরাতে ঘটনাস্থলে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার রেজাউলের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।