হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরে বাসে আগুন। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে মারধরের হাত থেকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে।

শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাসটির চালক ও হেলপারকে মারধর করছিলেন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হেফাজতে নেয়।

ইকবাল হোসেন আরও জানান, বাসে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।