রাজধানীর মিরপুরে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের সামনে চেকপোস্টে তল্লাশির সময় আজ শনিবার বিকেল ৫টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মশিউল আজম অরিন (৩৬) ও শান্ত ইসলাম (২৭)। তাঁরা রাজধানীর পল্লবীর বাসিন্দা।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বিদেশি পিস্তলসহ দুই যুবককে বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, পল্লবী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. অহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের সামনে চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তিকে থামার সংকেত দিলে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে তাঁদের আটক করে তল্লাশি করা হয়। এ সময় মশিউল আজম অরিনের কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্যমতে, অরিন এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। এ ছাড়া মামুন নামের এক ব্যক্তির হয়ে তিনি বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে।