হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যালয় রাতের আঁধারে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় কার্যালয়ের বিভিন্ন সামগ্রী ও টিকাদানের সরঞ্জাম লুট করা হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানা-পুলিশ।

মামলায় মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়াকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, চুরি, হুমকি ও দেড় কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় এক ব্যবসায়ী জানান, রাড্ডার প্রায় ১০ কাঠা জমি নিয়ে বিরোধ রয়েছে। তাঁর দাবি, স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়ার নেতৃত্বে জমিটি দখলের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন হানিফ মিয়া।

হামলায় দেড় কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার। ছবি: সংগৃহীত

হানিফ মিয়া বলেন, ‘আমি এ ঘটনায় জড়িতই নই। আমি জানিই না সেখানে কী হয়েছে। আমার নাম মামলায় কে দিয়েছে?’ এ বিষয়ে তিনি থানায় খোঁজ নেবেন বলেও জানান।

রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতারের অভিযোগ অনুযায়ী, গতকাল দিবাগত রাত ১২টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫০ জনের বেশি লোক রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালান। তাঁরা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্থাপনায় ভাঙচুর ও লুটপাট চালান। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলেন। হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি.’ লেখা একটি সাইনবোর্ডও লাগিয়ে দিয়ে যায় বলে অভিযোগ করেছে রাড্ডা।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।

নাসরিন আখতার বলেন, মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে দরিদ্র এবং অসহায় মা ও শিশুদের বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতিসেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। ঘটনাটি কোনো সাধারণ ডাকাতি বা হামলা নয়। এখানে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তাঁর দাবি, হামলায় দেড় কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে এবং দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় হানিফ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।