হোম > সারা দেশ > ঢাকা

উদীয়মান নেতাদের মনের আবর্জনাতেও পরিবেশ নষ্ট হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। ছবি: ফেসবুক থেকে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, ‘আজকে শুধু বাইরের আবর্জনা নয়, উদীয়মান নেতাদের মনের আবর্জনাও তারা যেভাবে উগলিয়ে দিচ্ছে, তাতেই পরিবেশ নষ্ট হচ্ছে। দেশের পরিবেশ নষ্ট হচ্ছে। তাদেরও বলব ধৈর্য ধরতে।’

আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বাংলাদেশের ইতিহাসে সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখিয়েছে। দেশের বর্তমান অবস্থার পরিবর্তনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে।

পরিচ্ছন্নতা কার্যক্রমের বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশনের কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ২০০টি ডাস্টবিন দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও ডাস্টবিন দেওয়া হবে। তবে শুধু ডাস্টবিন স্থাপন করলেই পরিচ্ছন্নতা নিশ্চিত হবে না, শিক্ষার্থীদেরও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বিষয়ে সচেতন হতে হবে।

তিনি বলেন, ‘কোনো ময়লা যাতে কোনো ছাত্র-ছাত্রী রাস্তায়, টিএসসির সামনে বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে না ফেলে—সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় ভাসমান হকারদের নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দেন আবদুস সালাম। তিনি হকারদের নির্দিষ্ট তালিকা তৈরি করে পরিচয়পত্রের আওতায় আনার প্রস্তাব দেন।

তিনি বলেন, ‘শহীদ মিনার আমাদের ঐতিহ্যের ও গর্বের জায়গা। কোনোভাবেই আমরা চাই না যে এই জায়গাটা অপরিচ্ছন্ন থাকুক।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের নিজ নিজ জায়গা থেকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এটি কেউ করিয়ে দিতে পারে না, নিজের ভেতর থেকে বোধ তৈরি হতে হবে।’

উপাচার্য বলেন, এই কর্মসূচি শুধু এক দিনের জন্য সীমাবদ্ধ না রেখে সারা বছর চালিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে কোনো অনুষ্ঠান শেষে যেন এক টুকরো পলিথিন, টিস্যু বা বাদামের খোসাও পড়ে না থাকে, সেই দায়িত্ব সবাইকে নিতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মোজাদ্দেদী আলফেছানী, প্রক্টর ইসরাফিল রতন, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথি, ছাত্রদল নেতৃবৃন্দ ও পরিচ্ছন্নতাকর্মীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কলাভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ক্যাম্পাসে স্থাপিত নতুন ডাস্টবিন উদ্বোধন করা হয়। পরে পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অপরিষ্কার স্থান পরিষ্কারের কার্যক্রম শুরু করা হয়।