হোম > সারা দেশ > ঢাকা

আমার লাশের ওপর দিয়ে হলেও উচ্ছেদ কর্মসূচি চলমান থাকবে: ডিএনসিসি প্রশাসক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ফুটপাতে উচ্ছেদ অভিযান যে কোনো মূল্যে চলমান থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, ‘নগরবাসীকে নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত উদ্ধারের যে উচ্ছেদ কর্মসূচি চলছে, প্রয়োজনে আমার লাশের ওপর দিয়ে হলেও তা চলমান থাকবে, অরাজকতার সঙ্গে জড়িত কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’

আজ বুধবার দুপুরে রাজধানীর মিরপুর-১০ হোপ মার্কেটের সামনের ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকালে সিটি করপোরেশনের পরিবহন, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন।

ডিএনসিসি জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, উচ্ছেদ অভিযান চলাকালে যেসব অরাজকতা সৃষ্টিকারী, দুষ্কৃতকারী ও অবৈধ ফ্যাসিজম দখলদার সিটি করপোরেশনের পরিবহন, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের আইনে আওতায় আনা হবে। তিনি বলেন, মিরপুর-১০ পরিচালিত আজকের উচ্ছেদ অভিযানে ফ্যাসিজমের আমল থেকে ফুটপাত দখলকারীরা ও তাদের দোসরদের ইন্ধনে এই হামলা করা হয়েছে। পরবর্তীতে মিরপুরের সাধারণ জনগণের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।

ডিএনসিসি প্রশাসক আরও জানান, এই হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে ও পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা করা হবে এবং তদন্ত সাপেক্ষে তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে। তিনি অভিযোগ করেন, আজ পরিকল্পিতভাবে ফ্যাসিজমের দোসরা মসজিদে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করেছে।