সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে নড়াইল থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।
গ্রেপ্তার দুজন হলেন—মো. আকাশ শেখ (২৩) ও রুমান শেখ (২৪)। বুধবার ডিএমপি বিষয়টি নিশ্চিত করে।
ডিবি জানিয়েছে, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করত। পরে আগ্রহী ক্রেতাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অগ্রিম টাকা নেওয়ার পর তাঁদের ব্লক করে দেওয়া হতো।
গত ২৩ আগস্ট সাইবার অপরাধ পর্যবেক্ষণের সময় ‘সোনালী পিস্তল হাউজ বেনাপোল’ নামে একটি ফেসবুক পেজে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দেখতে পায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি দল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পেজটির অ্যাডমিনদের অবস্থান শনাক্ত করা হয়।
এরপর সোমবার দিবাগত রাতে নড়াইল সদর থানার ধোন্দা ও রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আকাশ ও রুমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রমনা মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।