হোম > সারা দেশ > ঢাকা

শিশুদের নিরাপত্তায় দ্রুত পদক্ষেপ চায় সিএসএ নেটওয়ার্ক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অপ্রতিম। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ (সিএসএ প্রিভেনশন) নেটওয়ার্ক। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ২৬টি এনজিও (বেসরকারি উন্নয়ন সংস্থা) ও প্ল্যাটফর্মের সমন্বয়ে গঠিত এই জোট।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং জাতীয় পর্যায়ে শিশুদের অধিকারের পক্ষে কথা বলা সিএসএ প্রিভেনশন নেটওয়ার্ক হলো শিশুরাই সব, ব্রেকিং দ্য সাইলেন্স, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি), অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস), বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনসহ (বিপিএফ) ২৬টি এনজিও ও প্ল্যাটফর্মের জোট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ সেপ্টেম্বর ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন লালমাই পাহাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজনদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং তদন্ত চলছে।

তদন্ত শেষ হয়ে আদালতে দোষ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা সমীচীন নয় উল্লেখ করে নেটওয়ার্ক বলেছে, প্রকৃত অপরাধী যেন কোনোভাবেই ছাড় না পায়, তা নিশ্চিত করতে হবে।

সিএসএ প্রিভেনশন) নেটওয়ার্ক বলছে, অপ্রতিমের মৃত্যু শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়। এটি দেশে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তরের তথ্য তুলে ধরে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার বা পরিবারের কাছে ফেরত দেওয়া সম্ভব হলেও ২ হাজার ৩৮ জনের এখনো সন্ধান মেলেনি। অর্থাৎ নিখোঁজ শিশুদের প্রায় ১৩ শতাংশের সন্ধান এখনো পাওয়া যায়নি।

এ ছাড়া আইন ও সালিশ কেন্দ্রের (আসক) জানুয়ারি থেকে আগস্টের পরিসংখ্যান অনুযায়ী, শিশুদের বিরুদ্ধে ৭০৯টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনার মধ্যে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, শারীরিক নির্যাতন, যৌন হয়রানি, অপহরণ ও নিখোঁজের ঘটনা রয়েছে।

সিএসএ প্রিভেনশন নেটওয়ার্কের মতে, এসব তথ্যের পরিপ্রেক্ষিতে অপ্রতিমের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রতিরোধমূলক উদ্যোগও প্রয়োজন।

অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তে সিসিটিভি ফুটেজ, ডিজিটাল তথ্য ও ফরেনসিক আলামতসহ সংশ্লিষ্ট সব প্রমাণ যথাযথভাবে সংগ্রহ ও বিশ্লেষণের দাবি জানিয়েছে সিএসএ প্রিভেনশন) নেটওয়ার্ক। তদন্তে অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়েছে। একই সঙ্গে শিশু নিখোঁজের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে থানায় সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ, তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু এবং পরিবার, পুলিশ, স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিশু সুরক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্রুত সমন্বয়ের আহ্বান জানিয়েছে নেটওয়ার্ক।

পার্ক, পাহাড়ি ও নির্জন এলাকা, ক্যাম্পাস ও আবাসিক এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি, নিরাপদ চলাচলের ব্যবস্থা এবং জরুরি সহায়তার ব্যবস্থা করারও দাবি জানানো হয়েছে। শিশু নিখোঁজ, নির্যাতন ও সহিংসতার ঘটনা মোকাবিলায় দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং শিশু আইন, ২০১৩ ও নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, গণমাধ্যম ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জাতীয় হেল্পলাইন ১০৯ ও ১০৯৮ সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সিএসএ প্রিভেনশন নেটওয়ার্ক বলেছে, প্রতিটি শিশুর নিরাপদে বেঁচে থাকা, চলাফেরা করা, শিক্ষা গ্রহণ ও বেড়ে ওঠার অধিকার রয়েছে। কোনো শিশুর নিখোঁজ হওয়া বা সহিংসতার শিকার হওয়াকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া যায় না।

অপ্রতিমের মর্মান্তিক মৃত্যু শিশুদের নিরাপত্তা নিয়ে একটি সতর্কবার্তা উল্লেখ করে সিএসএ প্রিভেনশন) নেটওয়ার্ক বলেছে, অপ্রতিমের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি আর কোনো শিশু যেন একই পরিণতির শিকার না হয়, সে দায়িত্ব রাষ্ট্র ও সমাজকে নিতে হবে।