হোম > সারা দেশ > ঢাকা

বাংলাবাজারে ইউপিএলের বিক্রয়কেন্দ্রে স্থানীয়দের তালা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) একটি বিক্রয়কেন্দ্রে স্থানীয়দের বিরুদ্ধে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আমিনুল ইসলাম ও হুমায়ুন কবীর নামে প্রকাশনা সংস্থাটির দুই বিক্রয় কর্মীকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশের মধ্যস্থতায় দুই বিক্রয় কর্মীকে ছেড়ে দেওয়া হয়।

ইউপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বিকেলে দুই যুবক বাংলাবাজার বিক্রয়কেন্দ্র আসেন। তাঁরা শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি কিনতে চাইলে তাঁদের বইটি বের করে দেওয়া হয়। তারপরই তাঁরা আপত্তি তুলে বলেন, ‘এই বই ক্যান বিক্রি করেন? এ বই তো নিষিদ্ধ।’ এ সময় তাঁরা আশপাশের আরও মানুষ জড়ো করে। একপর্যায়ে তাঁরা বিক্রয় কেন্দ্রের শাটার নামিয়ে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে ওই কেন্দ্র থেকে দুই কর্মীকে তুলে নিয়ে যান। পরে তাঁদের সদরঘাট এলাকার লালকুঠি ঘাটে আটকে রাখা হয়।

এ বিষয়ে সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান বলেন, দীর্ঘ দিন ধরে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডর (ইউপিএল) অসমাপ্ত আত্মজীবনী বইটি প্রকাশ ও বিক্রি করে আসছিল। বইটি যাতে আর বিক্রি করা না হয়, এ জন্য স্থানীয় লোকজন তাঁদের নিষেধ করেছিলেন। তারই ধারাবাহিকতায় স্থানীয়রা বিক্রয়কেন্দ্রে তালা দেয়। দুই বিক্রয় কর্মীকে ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে, তাঁরা আর বইটি বিক্রি করবে না। তারপর যে যার মতো চলে গেছে। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন ওসি।