হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে ইজিবাইক চালক হত্যায় কেরানীগঞ্জ থেকে তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে ইজিবাইক চালক মুন্না (২৯) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১০। রোববার (২২ নভেম্বর) রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. জুয়েল (৩৯), হারুন মিয়া (৪৪) ও সোহেল রানা (৩৮)। এদের কাছ থেকে মোবাইল ফোন, পরিচয়পত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

এসআরবি-১০-এর জানায়, নিহত মুন্না যাত্রাবাড়ী থানার মৃধাবাড়ী এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি ব্যাটারিচালিত ইজিবাইক চালাতেন। গত ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ইজিবাইক নিয়ে ভাড়ায় বের হওয়ার পর আর বাসায় ফেরেননি। পরে তাঁর মোবাইল ফোন সংযোগও বন্ধ পাওয়া যায়।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ১৯ নভেম্বর যাত্রাবাড়ী থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিন দুপুর দেড়টার দিকে মৃধাবাড়ী থেকে ডাকাতবাড়ী গলির মাঝামাঝি ওয়াসার পানির খালের ভেতর একটি মরদেহ পাওয়া যায়। পরে পোশাক দেখে পরিবারের সদস্যরা মরদেহটি মুন্নার বলে শনাক্ত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মরদেহের গলা, মুখ ও মাথায় কাটা জখম ছিল। এ ছাড়া মুখ দিয়ে ফেনাযুক্ত রক্ত বের হচ্ছিল। এ ঘটনায় মুন্নার বোন বাদী হয়ে ২০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে। এর ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালানো হয়। রোববার রাত সাড়ে ৮টার দিকে জুয়েল, রাত ৯টা ৫০ মিনিটে হারুন মিয়া এবং রাত সাড়ে ১১টার দিকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১০।