হোম > সারা দেশ > ঢাকা

শেখ রেহানার স্বামী শফিকের আয়কর নথি পর্যালোচনা করবে দুদক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিক। ছবি: সংগৃহীত

সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর আয়কর নথি পর্যালোচনা করতে চেয়ে আবেদন করলে এ আদেশ দেন আদালত।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আয়কর নথি জব্দের নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন অভিযুক্ত শফিক আহমেদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়, যা তদন্তাধীন। শফিক আহমেদ একজন নিয়মিত আয়কর দাতা। তাঁর সম্পদের পরিমাণ বা সম্পদের উৎস এসব বিষয়ে জানার জন্য আয়কর নথি পর্যালোচনা করা প্রয়োজন। নথি পর্যালোচনা করতে তা জব্দের জন্য আদালতের নির্দেশনাও প্রয়োজন।