আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বুধবার রাতে আদাবর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ জানান, চাঁদাবাজির অভিযোগে বুধবার রাতে আদাবর এলাকা থেকে ছাত্রদল নেতা নয়ন হোসেনকে গ্রেপ্তার করা হয়। তবে কোন থানায় তাঁর বিরুদ্ধে মামলাটি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘শুনেছি তাঁকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে, তবে এখনো আমাদের কাছে হস্তান্তর করেনি। আদালতে পাঠিয়েছে।’