হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিক আমির খসরু মারা গেছেন, রাষ্ট্রপতির শোক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিশিষ্ট সাংবাদিক আমির খসরু। ছবি: সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক আমির খসরু মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

আমির খসরু কর্মজীবনে সংবাদ, দৈনিক খবর, দৈনিক ইত্তেফাক, চ্যানেল আইতে স্টাফ রিপোর্টার এবং ভয়েস অব আমেরিকার করেসপনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও তিনি ছিলেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য।

আগামীকাল রোববার লালমাটিয়া মসজিদ, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আমির খসরুর মরদেহ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।