হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে ফ্ল্যাটে আগুন, ‘ধোঁয়ায় মৃত্যু’ ঠিকাদারের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে নেওয়াজ চৌধুরী মিতু (৫৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ১১ নম্বর সড়কের ১৫ নম্বর বাসার সপ্তম তলায় এ ঘটনা ঘটে।

মৃতের বড় ভাই জাহিদুল হাসান চৌধুরী জানান, তাঁদের বাড়ি কুষ্টিয়ার মজমপুর এলাকায়। নেওয়াজ চৌধুরী মিতু ঠিকাদার ছিলেন। তিনি ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে কোনাবাড়ীতে শ্বশুরবাড়িতে থাকতেন। খবর পেয়ে তাঁরা ছুটে আসেন এবং নেওয়াজ চৌধুরীকে মৃত অবস্থায় দেখতে পান।

মোহাম্মদপুর থানার এসআই জাহিদুল ইসলাম কবির বলেন, গতকাল সোমবার রাতে ঘুমানোর আগে মশার কয়েল জ্বালিয়েছিলেন নেওয়াজ চৌধুরী। কয়েল থেকে রুমে আগুন ধরে যায়। বেরোনোর পথ যেই কক্ষে সেখানে আগুন ছড়িয়ে পড়ায় নেওয়াজ চৌধুরী চেষ্টা করেও বের হতে পারেননি। আত্মরক্ষার জন্য তিনি বাথরুমে আশ্রয় নেন। পরে সেখানেই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। সেখান থেকেই তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এসআই আরও বলেন, তাঁকে উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর বাসার আসবাবপত্রসহ অন্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অন্যান্য ফ্ল্যাটে আগুন ছড়াতে পারেনি।