হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ৫

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীতে ৬ হাজার ৯০০ ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ১২ ও ১৩ অক্টোবর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহন ও ব্যবসায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুর রহিম (৬২), ফোরকান মাহমুদ (৩২), সাইফুল ইসলাম বাবু (৩২), লিটন মিয়া (৩৫) ও আবদুল আজিজ (৩৯)। ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকা এসব অভিযান পরিচালনা করে।

ডিএনসি সূত্রে জানা যায়, ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মতিঝিলের আরামবাগে সোহাগ বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে আবদুর রহিম ও ফোরকান মাহমুদকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বহন করা ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, কক্সবাজার থেকে ইয়াবার এই চালান ঢাকায় বিক্রির জন্য এনেছিলেন। এই দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে কদমতলী থানার স্মৃতিধারা এলাকার ২৪ ফুট, ২ নম্বর রোডের জিয়া সরণি এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ঘরের আলমারি থেকে ২ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিক্রির কথা জানান।

এদিকে ১৩ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় কুস্তুরী রেস্টুরেন্টের সামনে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় লিটন মিয়া ও আবদুল আজিজকে ২ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঢাকা থেকে ইয়াবা সংগ্রহ করে টাঙ্গাইলের সরবরাহের কথা জানান। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (২০১৮) অনুযায়ী সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।