হোম > সারা দেশ > ঢাকা

‘মেড ইন থাইল্যান্ড’ মোড়কে, তৈরি বাংলাদেশে, ৪৪৪ রিম কাগজ জব্দ নয়াবাজারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নয়াবাজারে নকল ‘ডাবল এ’ ব্র্যান্ডের ৪৪৪ রিম কাগজ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ছবি: সংগৃহীত

‘মেড ইন থাইল্যান্ড’ লেখা থাকলেও কাগজগুলো তৈরি হয়েছে বাংলাদেশে। বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের মিথ্যা পরিচয় ব্যবহার করে বাজারজাত করা এসব নকল ‘ডাবল এ’ ব্র্যান্ডের ৪৪৪ রিম কাগজ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পুরান ঢাকার নয়াবাজারে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব কাগজ আটক করা হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)-এর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে এনবিআরের মুখপাত্র মো. আল আমিন শেখ।

সিআইআইডি জানায়, অভিযানে দুটি প্রতিষ্ঠানে ‘ডাবল এ’ ব্র্যান্ডের নাম ও ‘মেড ইন থাইল্যান্ড’ লেখা কাগজ পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া বক্তব্য ও অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী, এসব কাগজ বাংলাদেশে তৈরি। স্থানীয়ভাবে উৎপাদিত কাগজে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের পরিচয় ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল।

নয়াবাজারে নকল ‘ডাবল এ’ ব্র্যান্ডের ৪৪৪ রিম কাগজ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ছবি: সংগৃহীত

দুটি অভিযানের মধ্যে প্রথমটিতে ১৮৪ রিম এবং দ্বিতীয়টিতে ২৬০ রিম কাগজ আটক করা হয়। সব মিলিয়ে আটক করা কাগজের পরিমাণ ৪৪৪ রিম।

সিআইআইডির ভাষ্য, দেশীয় পণ্যে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের মিথ্যা পরিচয় ব্যবহার করে ক্রেতাদের প্রতারিত করা হচ্ছে। এতে বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ ধরনের নকল কাগজ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে আরও অনেক প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে বলে মনে করছে সংস্থাটি। এসব প্রতিষ্ঠান শনাক্ত করতে সংশ্লিষ্ট কারখানা, গুদাম ও বিক্রয়কেন্দ্রে ধারাবাহিক অভিযান চালানো হবে বলেও জানিয়েছে সিআইআইডি।