হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডির বিস্ফোরক মামলায় আইনজীবী রবিউল আলম বুদু কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রবিউল আলম বুদুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।

সন্ধ্যার পর রবিউল আলম বুদুকে আদালতে হাজির করে ধানমন্ডি মডেল থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মাহবুব উল আলম তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার রাত ১২টার দিকে ধানমন্ডির বাসা থেকে রবিউল আলম বুদুকে আটক করা হয়। পরে তাঁকে এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ৯ নভেম্বর রাত ২টা ১০ মিনিটের দিকে ধানমন্ডি মডেল থানার রোড নম্বর ৭/এ এলাকায় কেএফসি রেস্তোরাঁর সামনে ১৫ থেকে ২০ জন দুষ্কৃতকারী ককটেল নিয়ে অবস্থান করছে বলে গোপন সংবাদ পায় পুলিশ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে জব্দ করে পুলিশ। পরে বিস্ফোরক দ্রব্য আইনে ধানমন্ডি মডেল থানায় মামলাটি করে পুলিশ।

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, মামলার তদন্তে রবিউল আলম বুদুসহ অজ্ঞাতনামা আসামিদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্য ও পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন।