হোম > সারা দেশ > ঢাকা

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরফেরত দুজন ৩ দিনের রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

সিঙ্গাপুরে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক হয়ে দেশে ফেরত আসা দুই বাংলাদেশিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।

রিমান্ডে নেওয়া দুজন হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত মহিদুল ইসলামের ছেলে সাহেদুল ইসলাম (৩৭) ও মাদারীপুর সদর উপজেলার কুলপদ্ধি গ্রামের আজগর তায়ানীর ছেলে মো. রিশাদ তায়ানী (২৫)।

বিকেলে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে হাজির করে বিমানবন্দর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল আলম প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সিঙ্গাপুরে অবস্থানকালে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে দেশটির পুলিশ সাহেদুল ইসলাম ও রিশাদ তায়ানীকে আটক করে। পরে গতকাল বুধবার তাঁদের বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়। বিষয়টি জানার পর সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বিমানবন্দর থানা-পুলিশ তাঁদের আটক করে।

আটকের সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও তিনটি পাসপোর্ট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সিঙ্গাপুরে অবস্থানকালে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কথা স্বীকার করেছেন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, তাঁদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ায় সিঙ্গাপুর পুলিশ আটক করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। পাশাপাশি তাঁরা বাংলাদেশের কোনো নিষিদ্ধঘোষিত সংগঠনের সঙ্গে যুক্ত কি না, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে কোনো নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করেছেন কি না এবং জঙ্গি কার্যক্রমে অর্থায়নের উৎস কারা—এসব বিষয় জানতে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

পুলিশের আবেদনে আরও উল্লেখ করা হয়, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী তাঁদের কার্যক্রম বাংলাদেশসহ বিভিন্ন দেশে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

চার মেট্রো স্টেশন এলাকায় অভিযান, উচ্ছেদ করা হলো অবৈধ দোকানপাট

আদাবরে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত

ট্রাফিক ব্যবস্থাপনা: রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার কাওছার ৪ দিনের রিমান্ডে

সাভারে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

মোহাম্মদপুরে আইফোন নিয়ে দৌড়, নারীর চিৎকারে ছিনতাইকারী ধরল পুলিশ-এলাকাবাসী

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ৬ আসামির মধ্যে দুজন ফের রিমান্ডে

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, ঘটনাস্থল থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ১