হোম > সারা দেশ > ঢাকা

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক­

এক মাসের সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়।

বায়তুল মোকাররমের প্রথম জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। নামাজের আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে নসিহতপূর্ণ বয়ান পেশ করেন। সরেজমিনে দেখা গেছে, ভোরের আলো ফুটতেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জাতীয় মসজিদে সমবেত হতে শুরু করেন। প্রথম জামাতে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

এরপর দ্বিতীয় জামাত সকাল ৮টায় পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভীর ইমামমিতে অনুষ্ঠিত হয়।

পরবর্তী জামাতগুলোর সূচি

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে আরও চারটি জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলোর সময়সূচি ও ইমামগণের তালিকা নিচে দেওয়া হলো:

তৃতীয় জামাত (সকাল ৯টা): ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন।

চতুর্থ জামাত (সকাল ১০টা): ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী।

পঞ্চম ও সর্বশেষ জামাত (সকাল ১০টা ৪৫ মিনিট): ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত রাখা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলামকে।

জাতীয় ঈদগাহে প্রধান জামাত

এদিকে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তাঁর অনুপস্থিতিতে বিকল্প ইমাম হিসেবে ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন।

জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর সঙ্গে ঈদুল ফিতরের নামাজে শরিক হবেন। এ ছাড়া বিচারপতিগণ, মন্ত্রিসভার সদস্যগণ এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকেরা এই জামাতে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করা হয়েছে।

পুরো এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উৎসবের আমেজে মুসল্লিরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।

রাজধানীতে বুলডোজারচাপায় প্রাণ গেল অজ্ঞাতনামা নারীর

চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে শাহবাগে সমাবেশ, মশাল মিছিল

বিশ্বকাপ ফুটবল ম্যাচের জেরে আদাবরে বিএনপি নেতা খুন, গ্রেপ্তার ৩

রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুই কর্মচারীর মৃত্যু

কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ পাটগ্রামের কিশোর লিমন, ২০ দিনেও মেলেনি সন্ধান

জামিন পেয়েও কারামুক্তি আটকে গেল সাবেক প্রধান বিচারপতির, আরেক মামলায় গ্রেপ্তার আবেদন

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

কদমতলীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘শুটার মহিন’ গ্রেপ্তার

স্বামীকে হত্যার পর দেহ ৬ খণ্ড করে গুম, স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর রায়

রিমান্ড শেষে কারাগারে নীলফামারী-৩ আসনের সাবেক এমপি আশিকা