হোম > সারা দেশ > ঢাকা

ডিবি পরিচয়ে তেলবোঝাই ট্রাক ছিনতাই, চার ঘণ্টা পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা) 

ছিনতাই হওয়া ট্রাকটি সাভারের হেমায়েতপুর থেকে উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে ৬০ ব্যারেল সরিষার তেলবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের কয়েক ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীরা নিজেদেরকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য পরিচয় দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার ভোরের দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। চার ঘণ্টা পর ট্রাকটি হেমায়েতপুর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের বায়তুল হাবিব জামে মসজিদের পাশে বিকল অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা।

জানা গেছে, সাভারের নামাবাজারের মোহনা অয়েল মিল থেকে তেল নিয়ে ট্রাকটি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়েছিল। ভোর ৪টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকায় একটি মাইক্রোবাস দিয়ে ট্রাকটির গতিরোধ করা হয়। পরে মাইক্রোবাস থেকে সাতজন নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়।

চালক খায়রুল ইসলাম বাবু জানান, তাঁকে ও সহকারী সাব্বির হোসেনকে ট্রাক থেকে নামিয়ে চোখ-হাত বেঁধে মাইক্রোবাসে তুলে নেয় দুর্বৃত্তরা। পরে নেশাজাতীয় ট্যাবলেট খাইয়ে তাঁদের মির্জাপুর এলাকার সড়কের পাশে ফেলে দেওয়া হয়। ছিনতাইকারীরা চালকের কাছ থেকে ১১ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।

মোহনা অয়েল মিলের মালিক আব্দুর রাজ্জাক বলেন, চালকের মোবাইল থেকে ফোন পেয়ে হেমায়েতপুরে ট্রাকটির অবস্থান জানা যায়। পরে সেখানে গিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তেলসহ ট্রাকটি ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল।

আশুলিয়া থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বুধবার একই এলাকায় পাম তেলবোঝাই আরেকটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। সেই ঘটনারও তদন্ত চলছে।

শুক্রবার দিবাগত রাত থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক ও আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আহাসানুর রহমান প্রধান।

জানতে চাইলে এস আই আহাসানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সময় পল্লী বিদ্যুৎ এলাকায় আমার দায়িত্ব থাকলেও আমি পাশের এলাকা জামগড়ায় অভিযানে ছিলাম। তাই ওই সময়ে ঠিক কী হয়েছে, তা আমার জানা নেই।’

আহাসানুর রহমান প্রধান আরও বলেন, মাঝেমধ্যে সড়কে রড, তেল ও গরুবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটছে, আবার তা উদ্ধারও হচ্ছে। গত মাসে আশুলিয়া থানা এলাকা থেকে রড ও গরুবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। মামলা হওয়ার পর তা উদ্ধার করা হয়েছে।

রাজধানীতে পৃথক স্থান থেকে এক ব্যক্তির খণ্ডিত দুই হাত ও একটি পা উদ্ধার

সংযুক্ত মহিলা পরিষদের সভানেত্রী রোজী বেগমের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেপ্তার

নারিন্দায় এসি বিস্ফোরণে দগ্ধ ছেলের মৃত্যু, চলছে বাবা–মায়ের চিকিৎসা

বেড়িবাঁধ সড়কে গাড়িচাপায় মোটরসাইকেলচালক নিহত, দুই থানার দ্বন্দ্বে লাশ পড়ে ছিল কয়েক ঘণ্টা

শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ দুই যাত্রী আটক

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যা: দায় স্বীকার করে সিয়ামের জবানবন্দি

ধানমন্ডিতে মহিলা লীগের ঝটিকা মিছিল, আটক ৮

রাজধানীর শান্তিনগরের বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নারিন্দায় এসি বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ, অবস্থা গুরুতর