হোম > সারা দেশ > ঢাকা

সাতকানিয়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, মহাসড়ক অবরোধ ও বাস ভাঙচুর

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সাতকানিয়ায় স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঈশা দাশ (১২) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা আগুন জ্বালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। এ সময় বাসটি ভাঙচুর করা হয়। রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ঈশা দাশ ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

পুলিশ, স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের বিরতির পর ঈশা দাশ সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হচ্ছিল। এ সময় চট্টগ্রামমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন ঈশাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। স্থানীয় লোকজনও তাঁদের সঙ্গে অবরোধে অংশ নেন। এতে মহাসড়কের দুই দিকে শত শত গাড়ি আটকে পড়ে এবং যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন চৌধুরী এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে যান। পুলিশ কর্মকর্তারা অবরোধকারীদের বুঝিয়ে বিচারের আশ্বাস দেন।

প্রায় দুই ঘণ্টা পর অবরোধকারীরা সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত হওয়ার পর শিক্ষার্থী ও স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করেছিলেন। এতে সড়কের দুই দিকে বেশ কিছু গাড়ি আটকে পড়ে। পরে শিক্ষার্থী ও স্থানীয় লোকজনকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। ভাঙচুর করা বাসটি জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।’