হোম > সারা দেশ > ঢাকা

পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িতের অভিযোগে আবারও গ্রেপ্তার সেই শামীম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে জড়িত শামীম মাহফুজ (৪৮)। ছবি: সংগৃহীত

জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আবার গ্রেপ্তার করা হয়েছে শামীম মাহফুজকে (৪৮)। নারায়ণগঞ্জ থেকে গতকাল সোমবার সন্ধ্যায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) কাছে হস্তান্তর করা হয়।

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা শামীম মাহফুজকে এ নিয়ে চতুর্থ দফা গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল আজ মঙ্গলবার সন্ধ্যায় জানান, এটিইউর করা এক মামলায় র‍্যাব গতকাল শামীমকে গ্রেপ্তার করে। তাঁকে ঢাকার সাভার মডেল থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২ জুলাই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার একটি দোকান থেকে ফয়সাল নামের একজনকে টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করে এটিইউ। পরদিন তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৫ জুলাই ফয়সালসহ ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সাভার মডেল থানায় মামলা করেন এটিইউর গোয়েন্দা শাখার পরিদর্শক আব্দুল মান্নান। মামলার অন্য আসামিরা হলেন আল ইমরান ওরফে ইঞ্জিনিয়ার ইমরান হায়দার, রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ ও মো. সানাফ হাসান।

পুলিশ বলেছে, ওই মামলার আসামিদের মধ্যে শামীমের নাম না থাকলেও প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

এর আগে সর্বশেষ ২০২৩ সালের জুনে গ্রেপ্তার করা হয়েছিল শামীম মাহফুজকে। তখন পুলিশ দাবি করেছিল, তিনি নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা। তখন তাঁর স্ত্রীকেও গ্রেপ্তার করে পুলিশ। ৫ আগস্টের পর শামীম জামিনে মুক্তি পেয়েছিলেন।

এটিইউর সূত্র জানায়, টিটিপির হয়ে বাংলাদেশে সদস্য সংগ্রহ, যোগাযোগ রক্ষা ও জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে শামীমকে নজরদারিতে রাখা হয়েছিল।

জঙ্গিসংশ্লিষ্টতার সন্দেহে গত মাসে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা চলছে।

যন্ত্রপাতির অভাবে অর্ধেক সেবা চলছে রাড্ডা ক্লিনিকে

ইউনিসেফের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ২

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা-লুটের অভিযোগ, পুলিশের ‘পরামর্শে’ যোগ হলো ‘চাঁদাবাজি’

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে

মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজির সেই ফ্ল্যাটে, অতিষ্ঠ ছিল অন্য পুলিশ পরিবার

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ইশরাকের পুনর্বহাল, অন্যথায় জুলাই আহত বা শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী দাবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬