গ্রামীণফোনের সাবেক কর্মীদের মুনাফায় অংশগ্রহণ ও শ্রমিক কল্যাণ তহবিলের পাওনা নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে নিরপেক্ষ তদন্ত ও বিশেষ আর্থিক নিরীক্ষার দাবি উঠেছে। ২০১০ থেকে ২০১২ সালের পাওনার মূল অর্থ পরিশোধ করা হলেও ৫ শতাংশ বিলম্বজনিত সুদ, তহবিলের বিনিয়োগ আয় ও অন্যান্য আইনগত সুবিধা নিয়ে বিরোধ এখনো অমীমাংসিত। এ অবস্থায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের উদ্যোগে দ্রুত ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের দাবি জানিয়েছেন সাবেক কর্মীরা।
আজ বুধবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। ‘গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’ এ কর্মসূচির আয়োজন করে।
ঐক্য পরিষদের নেতারা জানান, ২০১০, ২০১১ ও ২০১২ সালে গ্রামীণফোনে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মুনাফায় অংশগ্রহণ তহবিল (ডব্লিউপিপিএফ) ও শ্রমিক কল্যাণ তহবিলের (ডব্লিউডব্লিউএফ) মূল অর্থ পরিশোধ করা হয়েছে। তবে এসব অর্থ পরিশোধে বিলম্বের জন্য প্রাপ্য ৫ শতাংশ সুদ, তহবিলের বিনিয়োগ থেকে অর্জিত আয় এবং অন্যান্য আইনগত আর্থিক সুবিধা এখনো নিষ্পত্তি হয়নি। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বিরোধ ঝুলে থাকায় সাবেক কর্মী ও তাঁদের পরিবার আর্থিক অনিশ্চয়তায় রয়েছেন।
সাবেক কর্মীরা জানান, ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে তাঁরা পাওনা আদায়ের দাবিতে ধারাবাহিকভাবে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করে আসছেন। সংশ্লিষ্ট সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি।
এবার বিরোধ নিষ্পত্তিতে শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) কার্যকর ভূমিকা চেয়েছেন তাঁরা। কর্মসূচি থেকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ও ডিআইএফইর মহাপরিদর্শক বরাবর স্মারকলিপি দেওয়ার কথা জানানো হয়।
ঐক্য পরিষদের নেতারা বলেন, প্রযোজ্য শ্রম আইন, সরকারি প্রজ্ঞাপন, আদালতের আদেশ এবং সংশ্লিষ্ট আর্থিক নথিপত্র পর্যালোচনা করে বিরোধের সুরাহা করা প্রয়োজন। এ জন্য শ্রম অধিদপ্তরের উদ্যোগে ঐক্য পরিষদ, গ্রামীণফোন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট তহবিলের ট্রাস্টি বোর্ডের প্রতিনিধিদের নিয়ে দ্রুত ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করতে হবে। পাশাপাশি ডিআইএফইর আইনগত এখতিয়ারের মধ্যে থেকে তহবিলের হিসাব, অর্থ জমা, বিনিয়োগ ও বিতরণপ্রক্রিয়া তদন্ত করে প্রতিবেদন তৈরির দাবি জানান তাঁরা।
ঐক্য পরিষদের আহ্বায়ক আবু সাদাত মো. শোয়েব বলেন, বিলম্বজনিত পাওনার প্রকৃত পরিমাণ নির্ধারণে ২০১০,২০১১ ও ২০১২ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত, ব্যাংক হিসাব, আদালতের আদেশ এবং অর্থ বিতরণের প্রকৃত সময়কাল পর্যালোচনা করতে হবে। প্রয়োজনে স্বাধীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও শ্রম আইন বিশেষজ্ঞদের মাধ্যমে বছরভিত্তিক এবং সুবিধাভোগীভিত্তিক হিসাব প্রস্তুত করা প্রয়োজন।