হোম > সারা দেশ > ঢাকা

হুইলচেয়ারে বসে প্রতিবন্ধী ভোটারদের বাধা বুঝলেন এমপি-নির্বাচন কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আগারগাঁওয়ে সরকারি সংগীত কলেজে আয়োজিত অভিজ্ঞতাভিত্তিক কার্যক্রমে এমপি-নির্বাচন কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতার বাধা ও চ্যালেঞ্জগুলো নিজেরাই অনুভব করলেন সংসদ সদস্য, নির্বাচন কমিশনের কর্মকর্তা ও সাংবাদিকেরা। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে সরকারি সংগীত কলেজে আয়োজিত এক অভিজ্ঞতাভিত্তিক কার্যক্রমে তাঁরা হুইলচেয়ার, ক্রাচ, সাদাছড়ি ও চোখে মাস্ক ব্যবহার করে প্রতিবন্ধী ভোটারদের মতো পরিস্থিতির মুখোমুখি হন।

বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের (বি-স্ক্যান) উদ্যোগে ‘এক্সপেরিয়েন্সিং ইলেকশন অ্যাক্সেসিবিলিটি চ্যালেঞ্জেস: ইমপ্যাথেটিক ইলেকটোরাল পার্টিসিপেশন’ শীর্ষক এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বাস্তবায়িত ‘প্রোমোটিং ডিজঅ্যাবিলিটি ইনক্লুসিভ ইলেকশন অবজারভেশন’ (পিডিআইইও) প্রকল্পের আওতায় এর আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরাই ছিল এই কার্যক্রমের উদ্দেশ্য। এ জন্য ভোটকেন্দ্রের অবকাঠামো, ভোট দেওয়ার পদ্ধতি এবং তথ্য ও যোগাযোগব্যবস্থাকে প্রতিবন্ধীবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য, নির্বাচন কমিশনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন সংসদ সদস্য রাশেদুল ইসলাম, নেওয়াজ হালিমা আর্লী ও সেলিনা সুলতানা নিশীতা। এ ছাড়া ইপিডির প্রকল্প পরিচালক আনাস্তাসিয়া এস. উইবাওয়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বি-স্ক্যানের নির্বাহী পরিচালক সালমা মাহবুব। তিনি কার্যক্রমের উদ্দেশ্য ও প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনী অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ব্যবহারিক অনুশীলনে নির্বাচিত ১২ জন অংশগ্রহণকারী সরাসরি যুক্ত হন। তাঁদের কেউ চোখে মাস্ক পরে ও সাদাছড়ি হাতে নিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী ভোটারের অভিজ্ঞতা নেন। কেউ হুইলচেয়ার ও ক্রাচ ব্যবহার করে ভোটকেন্দ্রে চলাচলের প্রতিবন্ধকতা বোঝার চেষ্টা করেন। আবার কেউ শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগের সমস্যার অভিজ্ঞতা নেন। কয়েকজন হাতের সীমাবদ্ধতা রয়েছে এমন প্রতিবন্ধী ব্যক্তির ভূমিকায় অংশ নেন। অন্য অতিথিরা এসব কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

অনুশীলন শেষে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও উপলব্ধি তুলে ধরেন। এ সময় নেওয়াজ হালিমা আর্লী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসতে হবে।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিজ্ঞতাভিত্তিক আয়োজন নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনী অধিকার সম্পর্কে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াবে। পাশাপাশি সবার জন্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ তৈরিতেও ভূমিকা রাখবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, পরিচালক (জনসংযোগ) আব্দুল মমিন সরকার, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) আতিয়ার রহমান এবং সহকারী পরিচালক (সঠিকতা যাচাইকরণ-এনআইডি) মুহা. সরওয়ার হোসেন।