হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে গণপিটুনিতে অজ্ঞাতনামা যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার অজ্ঞাতনামা এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

এর আগে বেলা ৩টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার পাবলিক টয়লেটের পাশে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা সবুজ হাওলাদার ও ইসরাফিল জানান, যাত্রাবাড়ী চৌরাস্তার পাবলিক টয়লেটের পাশে ওই যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁরা উদ্ধার করেন। পরে রিকশায় করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

তাঁরা স্থানীয়দের বরাতে জানান, চৌরাস্তায় এক নারীর কানের দুল টান দিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ওই যুবককে পথচারীরা ধরে গণপিটুনি দেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে সেখানে পড়ে থাকতে দেখা যায়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, গণপিটুনির খবর পেয়ে হাসপাতালে গিয়ে ওই যুবকের মরদেহ দেখতে পান। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তাঁকে ভবঘুরে ও মাদকাসক্ত বলে মনে হয়েছে। তাঁর পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।

এসআই রফিকুল ইসলাম আরও বলেন, হাসপাতাল ক্যাম্প থেকে ইসরাফিল (২৫) ও ভোলায় কর্মরত আনসার সদস্য সবুজ হাওলাদারকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।